কৃষকদের উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারের দেওয়া প্রণোদনার বীজ ও সার আপনাদের কাছে আমানত স্বরূপ। এগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।
রবিবার (২৪ এপ্রিল) নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বে সারের দাম বাড়লেও সরকার ভর্তূকি মূল্যে কৃষককে সার দিচ্ছে। এদেশের বিজ্ঞানীরা উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করে কৃষকের কাছে নিয়ে গেছেন। যার কারণে জমি কমলেও কৃষকের উৎপাদন বেড়েছে।
প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষক নন কিংবা চাষের জমি নেই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।